• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বিমা কোম্পানির সম্পদ বিক্রি করে দাবি পরিশোধ শুরু

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ সংকটে থাকা কয়েকটি বিমা কোম্পানির সম্পদ বিক্রি ও আর্থিক সম্পদ নগদায়ন করে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ আগামী সপ্তাহ থেকে শুরু হবে। প্রথম ধাপে সাত থেকে আটটি কোম্পানির গ্রাহকদের দাবি পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত দুই দিনব্যাপী আবাসিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

তিনি বলেন, বিমা কোম্পানিগুলোর জমি, ট্রেজারি বন্ড, এফডিআরসহ বিভিন্ন আর্থিক সম্পদ নগদায়ন করে পাওয়া অর্থ গ্রাহকদের দাবি পরিশোধে ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি কোম্পানির সম্পদ বিক্রির অর্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা হয়েছে। আগামী সপ্তাহ থেকে এসব অর্থ গ্রাহকদের পরিশোধ করা হবে।

আইডিআরএ চেয়ারম্যান জানান, দাবি পরিশোধে ‘ফার্স্ট ইন, ফার্স্ট আউট’ (এফআইএফও) পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ যে গ্রাহকের দাবি আগে এসেছে, অগ্রাধিকার ভিত্তিতে তাকে আগে অর্থ দেওয়া হবে। দাবির তালিকা নিরীক্ষকদের মাধ্যমে যাচাই করা হয়েছে এবং প্রতিটি কোম্পানির জন্য পৃথক ব্যাংক হিসাব খোলা হয়েছে।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রায় ৩ হাজার কোটি টাকার বকেয়া দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটির ফেনীর একটি জমি বিক্রি এবং কিছু বন্ড নগদায়ন করে পাওয়া অর্থ দিয়ে আগামী সপ্তাহে দাবি পরিশোধ শুরু হবে। প্রাথমিকভাবে কয়েকশ কোটি টাকা দিয়ে এ কার্যক্রম শুরু হতে পারে। আরও সম্পদ বিক্রি করে পর্যায়ক্রমে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে।

মীর নাদিয়া নিভিন বলেন, গ্রাহকদের আস্থা ফেরানোই আইডিআরের অন্যতম প্রধান লক্ষ্য। পলিসিহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং বিমা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কোম্পানিগুলোর সম্পদ ও আর্থিক তথ্য যাচাইয়ের পাশাপাশি বকেয়া দাবি পরিশোধে সরাসরি তদারকি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ