• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বিচার মীমাংসার কথা বলে নারীকে হোটেলে নিয়ে গেলেন বিএনপি নেতা

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ পারিবারিক বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে এক নারীকে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে খুরুশকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিকান্দার আলীর বিরুদ্ধে। তিনি রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদের সমাজ কমিটির সভাপতিরও দায়িত্বে রয়েছেন।

অভিযোগটি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর খুরুশকুল এলাকায় এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের একাংশও ঘটনার তদন্ত ও অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী নারী ও তার স্বামীর অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক একটি বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য তারা সিকান্দার আলীর দ্বারস্থ হন। সমাজ কমিটির সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা হিসেবে প্রভাব থাকায় সিকান্দার আলী বিরোধটি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন।

অভিযোগ উঠেছে, ওই বিরোধের বিচার শেষ করে দেওয়ার কথা বলে সিকান্দার আলী ওই নারীকে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার ‘ঢাকা হোটেল’ নামের একটি আবাসিক হোটেলে যেতে বলেন। নির্দিষ্ট সময়ে সেখানে যাওয়ার পর তিনি ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে বিষয়টি স্থানীয়দের জানালে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়। তবে অভিযোগটি অস্বীকার করেছেন সিকান্দার আলী।

তার দাবি, রাজনৈতিক ও সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে।

অভিযোগের বিষয়ে রুহুলার ডেইল কেন্দ্রীয় মসজিদের সমাজ কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল খায়ের বলেন, ‘ওই নারীর স্বামী আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করছি। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছুটা সত্যতা পাওয়া গেছে। আরও তদন্ত চলছে। তদন্ত শেষে সমাজের সবাইকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

খুরুশকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা মৌখিকভাবে শুনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অভিযোগটি দেখেছি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এবং এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হলে সিকান্দার আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে থানায় কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ