• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

গ্রাহকের দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা ইসলামী লাইফ

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গ্রাহকের বিমা দাবি পরিশোধে জমি বিক্রি করবে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইতিমধ্যে তারা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে।

জানা যায়, কুমিল্লায় ২০ শতক জমি বিক্রি করে প্রতিষ্ঠানটির বকেয়া দাবি নিষ্পত্তির লক্ষ্যে এ অনুমোদন দেওয়া হয়েছে। ১২ মার্চ ২০২৫ তারিখে আইডিআরএর চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০ জানুয়ারির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয় পদ্মা লাইফ।

সোমবার (২৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কুমিল্লা সদর থানার বাটাবাড়িয়া মৌজায় অবস্থিত এ জমির বিবরণ এ রকম—সিএস খতিয়ান নম্বর-৪, এসএ খতিয়ান নং-৯, বিআরএস খতিয়ান নং-৫৯, সিএস এবং এসএ প্লট নং-৫০/৪ এবং বিআরএস প্লট নং-৪৪০। মোট ২০ শতক জমি ১ কোটি ৯০ লাখ টাকায় বিক্রি করে দাবিদারদের পাওনা পরিশোধের জন্য তহবিল সংগ্রহ করবে পদ্মা লাইফ।

তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবনবিমা তহবিলে বড় ধরনের ঘাটতি আছে। সেই ঘাটতি মেটাতেই কোম্পানিটি জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

গত এক বছরে পদ্মা লাইফের শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৩০ টাকা ৮০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ১৩ টাকা ২০ পয়সা। কোম্পানিটি গত কয়েক বছরে তেমন একটা লভ্যাংশও দেয়নি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পদ্মা ইসলামী লাইফ। ২০২০ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৭, ২০১৮ ও ২০১৯ হিসাববছরের জন্যও কোনো লভ্যাংশ পাননি কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ২০১৬ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৮ কোটি ৮৮ লাখ টাকা। মোট ৩ কোটি ৮৮ লাখ ৮০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৫৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৯৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫১ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ