• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে আটক ৪

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

অপরাধ ডেস্ক রিপোর্টঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে নির্বাচিত চারজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্রের ছবির সঙ্গে মিল না থাকায় আটক করা হয়েছে। অভিযুক্তরা অন্যদের মাধ্যমে মৌখিক পরীক্ষা দিয়ে নিয়েছিলেন।

মৌখিক পরীক্ষার জন্য তোলা ছবির সঙ্গে চেহারা না মেলার পর জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই চার প্রার্থী হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালি উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।

এজাহারের তথ্য অনুযায়ী, আ. আলিমের মৌখিক পরীক্ষা হয় গত ২৪ জুন। মো. আলী হায়দার ও রাসেল রানা লিটনের পরীক্ষা হয় গত ২৫ জুন এবং মো. মাসুদ ফকিরের পরীক্ষা নেওয়া হয় ২৮ জুন। চারজনেরই পরীক্ষার নির্ধারিত সময় ছিল দুপুর ২টা।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি তুলে রাখা হয়েছিল। এরপর ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে একই দিনে তাদের নিয়োগপত্র দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগপত্রে নির্বাচিত প্রার্থীদের ১৯ জুলাই সকাল ১০টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে মন্ত্রণালয়ের যুগ্মসচিবের (প্রশাসন অধিশাখা) কাছে যোগদানপত্র দিতে বলা হয়।

আজ নির্ধারিত সময়ে ওই চারজন সেখানে উপস্থিত হলে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাদের চেহারার অমিল ধরা পড়ে।

এজাহারে বলা হয়, তাদের চেহারার সাথে মৌখিক পরীক্ষায় উপস্থিত উক্ত রেজিস্ট্রেশনধারী ব্যক্তিগণের চেহারা ভিন্ন হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানান, অন্য ব্যক্তিরা তাদের হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন; তারা নিজেরা ওই পরীক্ষা দেননি। পরে তারা দোষ স্বীকার করে লিখিত বক্তব্যও দেন বলে এজাহারে দাবি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়কের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২ হাজার ৭৮৪ জন এবং অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন।

অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা হয় ১৯ জুন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পাঁচটি কেন্দ্রে। এতে ৯ হাজার ৩১৮ জন অংশ নেন। তাদের মধ্য থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

মৌখিক পরীক্ষা নেওয়া হয় ২৪, ২৫ ও ২৮ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ