• শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সাবেক আইজিপি বেনজীরকে দুদকে তলব

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৯ মে, ২০২৪
সাবেক আইজিপি বেনজীরকে দুদকে তলব
সাবেক আইজিপি বেনজীরকে দুদকে তলব

আনলিমিটেড নিউজঃ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের মধ্যে বেনজীর আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী ও ৩ মেয়েকে ৯ জুন তলব করা হয়েছে।

মঙ্গলবার দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যেন হস্তান্তর না হয়, সেজন্য সংশ্লিষ্ট জেলার সাব-রেজিস্ট্রার বরাবর আদালতের জব্দের আদেশ পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছিলেন, বেনজীর আহমেদকে গ্রেফতার করা হবে কিনা তা তদন্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রয়োজন মনে করলে আদালতে বেনজীর আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা। তদন্তে আরো অপরাধলব্ধ সম্পদের খোঁজ পাওয়া গেলে সেগুলো জব্দে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি।

গত ২৩ মে বেনজীর আহমেদের সম্পত্তির ৮৩টি দলিল জব্দের আদেশ দেন আদালত। সঙ্গে ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ। এরই মধ্যে এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক।

এর দুদিন না যেতেই ২৬ মে বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের ১১৯টি স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ আসে আদালত থেকে। এছাড়া রাজধানীর গুলশানের আলিশান ৪টি ফ্ল্যাট, শতভাগ এবং আংশিক মালিকাধীন ২৩ কেম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের মধ্যে বেনজীর আহমেদের নাম আছে। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন।

সম্প্রতি বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়। এরপর থেকেই বেশ আলোচনায় সাবেক এ আইজিপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ