আনলিমিটেড নিউজ ডেস্কঃ যশোরের অভয়নগরে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা পলাশ শেখ (৪৮) খুন হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে একদল সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে আটক করা হয়েছে। নিহত পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, শনিবার (২৮ ডিসেম্বর) রাত নয়টার দিকে একদল সন্ত্রাসী পলাশ শেখের ওপর হামলা চালায়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ নওয়াপাড়া আয়কর অফিসের পেছন থেকে উদ্ধার করা হয়।
সূত্র জানায়, ঘটনার পরপরই স্থানীয় জনতা পলাশ হত্যার সাথে জড়িত অভিযোগে রইচ উদ্দীন নামে এক সন্ত্রাসীকে আটক করেন। গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভয়নগর থানা পুলিশের ওসি মো. এমাদুল করিম জানান, সাবেক কাউন্সিলর পলাশকে সন্ত্রাসীরা হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।