• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নরসিংদীতে মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গুরুতর অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার রাত সাড়ে এগারোটার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মজিবুর মিয়া (২৫), হেলাল মিয়া (৩২), মীম আক্তার (২০) ও আবু হুরায়রা (৯)।

মাইক্রোবাসের যাত্রী আহত নাসির উদ্দিন জানান, তিনি ঢাকায় একটি দোকানে কাজ করেন। ঈদের ছুটিতে নারী-শিশুসহ তারা ১৩ জন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামে যাচ্ছিলেন। তারা সবাই প্রতিবেশী। একসঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন তারা।

পুলিশ জানায়, ঈদ করতে একটি যাত্রীবোঝাই মাইক্রোবাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটা পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হয় । আহত হয় আরও ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে আট জনের অবস্থা গুরুতর থাকায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর থানার ওসি মো. তানভীর আহমেদ জানিয়েছে, দুর্ঘটনায় চারজন মারা গেছে। আহত হয়েছে ১০ জন। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ