• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জেনিথ ইসলামী লাইফের নিরপেক্ষ পরিচালকের দায়িত্ব অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামের

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম (শহীদুল জাহিদ) কে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর নিরপেক্ষ পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তাঁর যোগদানে কোম্পানির পরিচালনা পর্ষদে ব্যাংকিং, বীমা, অর্থনীতি ও আর্থিক নীতিমালা বিষয়ে একাডেমিক ও গবেষণালব্ধ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম (শহীদুল জাহিদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি জাপানের খ্যাতনামা তোহোকু ইউনিভার্সিটি (Tohoku University) থেকে অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতা জীবনের শুরুতে তিনি লিডিং ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাঁর মেধা, গবেষণা ও একাডেমিক অবদানের ধারাবাহিকতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও অর্থনীতি বিষয়ে তাঁর রয়েছে সমৃদ্ধ গবেষণাধর্মী অভিজ্ঞতা। এসব বিষয়ে তাঁর ৩৪টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ব্যাংকিং ও বীমা খাতের পাশাপাশি অর্থনীতি ও অর্থনৈতিক নীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও তিনি নিয়মিত গবেষণা ও লেখালেখি করে আসছেন।

একাডেমিক ও গবেষণামূলক কাজের পাশাপাশি সাহিত্যচর্চাতেও তাঁর রয়েছে বিশেষ আগ্রহ ও অবদান। তিনি ‘অর্থনীতির বহুবচন’ গ্রন্থের রচয়িতা। এছাড়া তাঁর রচিত কবিতার বইগুলোর মধ্যে রয়েছে ‘মনকুমারী’, ‘পদ্ম ফোটা জল’, ‘যে সূর্য স্পর্শে ধরনী শীতল’ এবং ‘চলো নক্ষত্রে হেঁটে আসি’।

প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার প্রজারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা, গবেষণা, শিক্ষকতা ও সাহিত্যচর্চায় তাঁর দীর্ঘ ও বহুমাত্রিক অবদান তাঁকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর নিরপেক্ষ পরিচালক হিসেবে তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও গবেষণালব্ধ জ্ঞান কোম্পানির সুশাসন, নীতিনির্ধারণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বীমা খাতের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ