আনলিমিটেড নিউজ ডেস্কঃ পবিত্র রমজান মাসে গাজায় সাময়িক যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি হয়েছে ইসরাইল। তবে, প্রস্তাব নিয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি। রোজার শুরুতেও গাজায় ইসরাইলিরা হামলা চালাতে পারে বলে শঙ্কা করছে ফিলিস্তিন।

এদিকে, ইসরাইলকে ৪ বিলিয়ন সামরিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রথম ধাপের চুক্তির মেয়াদ শেষ হয়েছে শনিবার। এর পরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দপ্তরের পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সায় থাকার কথা জানানো হয়।

এর আগে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি শুরু করা হবে কি না তা নিয়ে আলোচনা করতে হামাস ও ইসরাইল গত বৃহস্পতিবার মিসরের কায়রোয় বৈঠকে বসে। অবশ্য দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আগ্রহী নয় ইসরাইল। তারা চায়, প্রথম ধাপের চুক্তির মেয়াদ বাড়াতে। অবশ্য প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষে নেই হামাস।