আনলিমিটেড নিউজ ডেস্কঃ মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, শঙ্কার কোনো কারণ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সজাগ আছেন জানিয়ে তিনি বলেন, সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না বিজিবি।
চট্টগ্রামের সাতকানিয়ায় বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে সকালে বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এসময় সীমান্ত রক্ষায় সৈনিকদের দিক নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকরা। এবারের ব্যাচে ৪৬জন নারীসহ ৬৯৫ জন সৈনিক যোগ দেন বিজিবিতে।
পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই।
ভারত সীমান্তে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের সীমান্ত রক্ষায় যা যা করা দরকার সে নির্দেশনাও দেয়া হয়েছে বলে ও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।