জেলা ডেস্ক রিপোর্টঃ নরসিংদীর মনোহরদীতে নাতির সঙ্গে যেকোনো ধরনের দেনা-পাওনা বা টাকা ধার না দেওয়ার জন্য এলাকাজুড়ে মাইকিং করিয়েছেন এক ভুক্তভোগী দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারী পাড়ায় এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাদা করম আলী ব্যাপারীর পক্ষ থেকে গ্রামজুড়ে মাইকিং করে মাইকম্যান ঘোষণা দেন—তাঁদের নাতি মো. মাহাবুব মিয়ার সঙ্গে যেন কেউ বাকিসহ কোনো প্রকার আর্থিক লেনদেন বা টাকা ধার না দেন। এই সতর্কবার্তা অমান্য করে কেউ যদি মাহাবুবের সঙ্গে আর্থিক লেনদেন করেন, তবে পরবর্তীতে যেকোনো জটিলতায় তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হবে। ব্যতিক্রমী এই ঘটনাটি জানাজানি হওয়ার পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করে।
এ বিষয়ে বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাতি মাহাবুব দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরবর্তীতে দাদার ওপর দায় চাপাতেন। এতে অতিষ্ঠ হয়েই দাদা করম আলী বাধ্য হয়ে এমন ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন।
চেয়ারম্যান আরও জানান, মাহাবুব মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন বলে ধারণা করা হলেও অন্য কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তাঁর জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।