• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:

নায়িকা পরীমনির সাবেক স্বামী নিহত

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
নায়িকা পরীমনির সাবেক স্বামী নিহত
নায়িকা পরীমনির সাবেক স্বামী নিহত

আনলিমিটেড নিউজ ডেস্কঃ মাদারীপুরের শিবচরের ইসমাইল হোসেন জমাদ্দার (৪০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি আলোচিত চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী।

শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ। তিনি জানান, শুক্রবার ভোর রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

নিহত ইসমাইল হোসেনের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোর রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির হোসেন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ সময় ইসমাইলের বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

স্বজনরা জানান, নিহত ইসমাইল চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের এই সম্পর্ক বেশি দিন টেকেনি। পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন। সেখানে দুটি সন্তান রয়েছে তার।

এদিকে, ওই রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হলে এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে জানাজা শেষে ছোট শৌলা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ