• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

চুলার আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Un24admin
আপডেটঃ : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রান্নাঘরের চুলার আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।

নিহতরা হলেন- নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জোড়খালি গ্রামের মুনদার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে শুক্রবার ৩১ জানুয়ারি চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছার পর রাত ৯টার দিকে স্ত্রী মিলন বালারও মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে যান। গভীর রাতে আকস্মিক তাদের রান্নাঘরের চুলা থেকে পুরো ঘরে আগুন লেগে যায়। তাৎক্ষণিক আগুন ঘরের পাশে থাকা গোয়াল ঘরেও ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা ৪টি আগুনে পুড়ে মারা যায়। ঘরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

পরে স্থানীয়রা দেখে আগুন নিভানোর চেষ্টা করেন। ভোরে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় অ্যাম্বুলেন্সে বিকেল ৫টার দিকে নিমাইয়ের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মিলনবালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাস্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি তাদের জানানো হয়নি। তবে তারা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

হাতিয়া থানার ওসি বলেন, নিহত দম্পতি রান্না ঘরের পাশে একটি কক্ষে থাকত। স্থানীয়দের ভাষ্যমতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ