• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

১৫ অক্টোবর থেকে অনলাইনে জামিননামা, এক ক্লিকে কারাগারে পৌঁছাবে

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। এর কোনো কোনো ধাপে খরচও হয় এবং সব ধাপে হয়রানির সম্মুখীন হতে হয়। এসব নিরসনে ১৫ অক্টোবর থেকে অনলাইনে জামিননামা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, “আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি, কারো সহযোগিতা ছাড়া। কাল অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করবো। এই জামিননামার প্রক্রিয়া ১২টি ধাপে চলে। কোনো কোনো ধাপে টাকা দিতে হয়। ১২টি ধাপে আসামি হয়রানির সম্মুখীন হয়। আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। এক ক্লিকে আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে।”

তিনি আরও জানান, “সরকারের অনেক টাকা আমাদের বিশ্বাস আছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬শ’ কোটি টাকা আছে। আইজিআর অফিসে ১৫শ’ কোটি টাকা আছে। এগুলো ব্যবহার করে আমরা অনেক ভালো কাজ করতে পারি।”

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই হবে। এছাড়া বিচার বিভাগ সম্পর্কিত আইন, গুমের আইন, দুদক আইন ও হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ