জেলা ডেস্ক রিপোর্টঃ লক্ষ্মীপুর সদর উপজেলার বিয়েবাড়িতে খাবারের টেবিলে বসা নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বড়বাড়ি এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার হারুনুর রশিদের ছেলে ফারুক হোসেনের সঙ্গে ভবানীগঞ্জ ইউনিয়নের আনোয়ার হোসেনের মেয়ে সামিয়া আক্তারের বিয়ে হয়। শনিবার বরপক্ষের বাড়িতে আয়োজিত ভোজে কনেপক্ষের লোকজন অংশ নিতে গেলে বসার ব্যবস্থা নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
কনেপক্ষের অভিযোগ, খাওয়ার সময় তাদের বসতে দেওয়া হয়নি এবং এ নিয়ে প্রথমে হাতাহাতি, পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে বরপক্ষের কিছু লোক লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং কনেপক্ষের একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন ও মো. শাহ আলম। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতাল চিকিৎসা নিয়েছেন।
কনপক্ষের অতিথি ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম বলেন, খাওয়ার টেবিলে বসতে না দেওয়ায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।
হাসপাতালের চিকিৎসক জয়দেব নন্দী জানান, আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক মো. শাহিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।