জেলা ডেস্ক রিপোর্টঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অংকন কুণ্ডুর ঝুলন্ত মরদেহ রাজশাহীর নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী সদরে এ ঘটনা ঘটে।
নিহতের বাবা অ্যাডভোকেট নরেন্দ্রনাথ কুণ্ডু জানান, অংকন দুই দিন আগে বাড়িতে আসেন। শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে খাবার খান এবং স্বাভাবিকভাবেই সময় কাটান। সন্ধ্যার দিকে তিনি নিজের কক্ষে কম্পিউটারে কাজ ও পড়াশোনা করছিলেন।
অংকনের বড় ভাই প্রথম তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে যান। পরে মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, শুক্রবার খাবার খাওয়ার পর অংকন তার বাবার কাছ থেকে ৫০০ টাকা নেন। তার মরদেহটি ঘরের ভেন্টিলেটরের সাথে ডিশের তার দ্বারা পেঁচানো ছিলো। আপাতত অন্য কোনো ধরনের সন্দেহ করছেন না বলেও জানান তিনি।
জানা গেছে, গত ২৫ জুলাই বিভাগের স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেন অংকন। তিনি বিদেশে উচ্চশিক্ষার জন্য বিভাগীয় সুপারিশও নিয়েছিলেন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, অংকন একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, বার কাউন্সিলের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছিলেন। শুক্রবার দুপুরেও পরিবারের সবার সঙ্গে খাবার খেয়েছিলেন। পরে রাতে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।