জাতীয় ডেস্ক রিপোর্টঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কুমিল্লা জেলা পরিষদের তহবিল থেকে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই চাঞ্চল্যকর দাবি করেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মোস্তাক মিয়া।
মোস্তাক মিয়া বর্তমানে বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাক মিয়া বলেন, ‘আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের ১৫ কোটি টাকা নিয়েছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ, তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। তাঁরা মুখে বৈষম্যবিরোধী সমন্বয়ের রাজনীতির কথা বললেও কাজে তার প্রতিফলন ছিল না। তাঁদের মধ্যে সমন্বয় ছিল না, ছিল কেবল টাকা নেওয়ার প্রতিযোগিতা।’
তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে আরও বলেন, ‘আজ জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায়। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিচ্ছেন। ধ্বংস হওয়া অর্থনীতি পুনরুদ্ধারে তিনি অক্লান্ত কাজ করে যাচ্ছেন।’
অনুষ্ঠান শেষে এই বিপুল পরিমাণ অর্থ কোন প্রক্রিয়ায় নেওয়া হয়েছে তা জানতে মোস্তাক মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী জানান, প্রশাসক একটি অনুষ্ঠানে ব্যস্ত আছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁদের ব্যবহৃত নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।