• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

রাজধানীতে ওভারটেক করতে গিয়ে দুই বাসের সংঘর্ষ, আহত কলেজছাত্রী

Un24admin
আপডেটঃ : বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মিরপুর-১২ থেকে সাভারের পল্লী বিদ্যুৎ এলাকায় ফেরার পথে রাজধানী পরিবহনের একটি বাসে সাভার পরিবহনের ধাক্কায় এক কলেজছাত্রী আহত হয়েছে।

বুধবার (২২ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটের দিকে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী সরকারি বাঙলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য।

ভুক্তভোগী জানান, মিরপুর-১২ থেকে রাজধানী পরিবহনের একটি বাসে পল্লী বিদ্যুৎ এলাকার উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সাভার ক্যান্টনমেন্টের আব্দুর রউফ গেট এলাকায় যানজটের কারণে বাসটি দীর্ঘ সময় আটকে ছিল।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, যানজট ছাড়ার পর পেছন থেকে আসা সাভার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে রাজধানী বাসটিকে ওভারটেক করতে গিয়ে প্রথমে চালকের সামনের অংশে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা প্রতিবাদ জানালে অভিযুক্ত বাসটি কিছুদূর সামনে গিয়ে পুনরায় রাজধানী বাসের চালকের পাশের জানালার দিকে ধাক্কা দেয়। এতে জানালার কাঁচ ভেঙে বাসের ভেতরে ছিটকে পড়ে এবং কাঁচের টুকরো ভুক্তভোগীর ডান হাতের কাঁধের নিচের অংশে গুরুতর আঘাত করে।

দুর্ঘটনার পর রাজধানী পরিবহনের চালক অভিযুক্ত বাসটিকে অনুসরণ করার চেষ্টা করলেও সেটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান বাসের যাত্রীরা।

এ ঘটনায় বাসের অন্যান্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। ভুক্তভোগী বলেন, কোনো যাত্রীর প্রাণহানিও ঘটতে পারত। শুধু অসতর্ক ও বেপরোয়া বাস চালানোর কারণে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় যাত্রীদের দাবি, সড়কে বেপরোয়া বাস চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকের প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ