ব্যাংক-বীমা ডেস্কঃ মেটলাইফ বাংলাদেশের ‘ওয়ান বাই মেটলাইফ’ মোবাইল অ্যাপে ‘৩৬০ হেলথ স্কোর’ নামে নতুন একটি ফিচার চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকেরা নিজেদের শারীরিক, মানসিক ও আর্থিক সুস্থতার একটি সামগ্রিক মূল্যায়ন জানতে পারবেন।
ফিচারটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মেটলাইফ জানিয়েছে, ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে বর্তমানে সাত লাখের বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছেন। অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা বীমা পলিসি ব্যবস্থাপনা, ডিজিটাল সেবা গ্রহণ এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সুবিধা পেয়ে থাকেন।
নতুন ‘৩৬০ হেলথ স্কোর’ ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে গ্রাহকদের স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে এবং আর্থিক বিষয়ে আরও সচেতন সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “আমাদের ডিজিটাল সেবায় ‘৩৬০ হেলথ স্কোর’ একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য আরও অর্থবহ ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে চাই।”
তিনি বলেন, “প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের স্বাস্থ্য ও আর্থিক সুস্থতা সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সহায়তা করাই আমাদের লক্ষ্য।”
মেটলাইফ বাংলাদেশ ১৯৫২ সাল থেকে দেশে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি কর্পোরেট গ্রাহককে সেবা দিচ্ছে।