• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

জর্ডানে দুই মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাতের দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রবিবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সোমবার ভোরে ইরানের বার্তা সংস্থাগুলো হামলা নিয়ে আইআরজিসির দেওয়া বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এই অভিযানে জর্ডানের কিং হোসেন ও আল–আজরাক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। এ অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে আখ্যায়িত করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, হামলায় শত্রুপক্ষের প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালিতে ইসলামিক রিপাবলিকের (ইরান) নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টায় শত্রুদের যে হতাশা তৈরি হয়েছে, আগ্রাসন ও অপরাধ চালিয়ে তা সমাধান হবে না। প্রতিটি হামলার বিপরীতে আরও বেশি বিধ্বংসী জবাব দেওয়া হবে।

এর আগে রবিবার মার্কিন বাহিনী লারাক দ্বীপে ইরানের দুটি লঞ্চার ধ্বংস করে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, জুলাইয়ের শেষের পর প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে এ ধরনের হামলা চালানো হলো।
অভিযানে এমন সব সিস্টেমকে লক্ষ্য করা হয়, যেগুলো থেকে হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন বহনকারী রকেট নিক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

আইআরজিসি জানায়, ওই হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন এবং তারা এর জবাব দেওয়ার অঙ্গীকার করে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছিল।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাতের পর থেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তি হলেও, জুলাইয়ে হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে মতবিরোধের জেরে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহব্যাপী বোমা হামলা শুরু করে এবং নৌ অবরোধ পুনর্বহাল করে।
সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ