• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

৬ মাস করে খালেদা জিয়ার সাজা স্থগিত করা সরকারের চালাকি: ফখরুল

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
৬ মাস করে খালেদা জিয়ার সাজা স্থগিত করা সরকারের চালাকি: ফখরুল
৬ মাস করে খালেদা জিয়ার সাজা স্থগিত করা সরকারের চালাকি: ফখরুল

আনলিমিটেড নিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ছয় মাস করে স্থগিতের বিষয়টি সরকারের চালাকি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আইনকে বেআইনিভাবে ব্যবহার করে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। প্রতিদিন মৃত্যুর সঙ্গে তাকে লড়তে হয়৷ সরকারের চালাকি ৬ মাস করে সাজা স্থগিত করছে৷ তার মানে সাজা কমছে না৷ ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে সাজা আবার যুক্ত হবে৷ এটা আরেকটি খেলা। পুরো সাজানো একটা মামলা ছিল। মূল লক্ষ্য ছিল— রাজনীতি থেকে সরিয়ে দেওয়া৷

তিনি বলেন, সরকার দেশকে বিক্রি করে দিচ্ছে৷ এখানে আইনের শাসন নেই। প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে৷ বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত, সংবাদমাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে। বেআইনিভাবে দখল করা ক্ষমতাকে দীর্ঘায়িত করাই লক্ষ্য।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্র সমার্থক ও এক। খালেদা জিয়াকে মুক্ত করতে পারলে গণতন্ত্রকে মুক্ত করা হবে, গণতন্ত্রকে মুক্ত করতে পারলে খালেদা জিয়াকে মুক্ত করা হবে৷

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। যেসব চুক্তি করা হচ্ছে, তার কোনোটাই বাংলাদেশের পক্ষে না৷ পররাষ্ট্রমন্ত্রী আমাদের সবক দেন, চুক্তি ও সমঝোতার পার্থক্য নাকি বুঝি না৷ শুধু একটা কথা বলব— দেশের সঙ্গে বেইমানি করবেন না৷ এমন চুক্তি ও সমঝোতা স্বাক্ষর করবেন না, যেটা জনগণের স্বার্থবিরোধী। ভারত সফর থেকে এবার কী এনেছেন। সীমান্ত হত্যা নিয়ে কোনো কথা নেই৷ ভারত নাকি আমাদের কাছের বন্ধু। এত কাছের বন্ধু কিন্তু সীমান্তে গুলি করে নাগরিক হত্যা করে। এমন নজির বিশ্বে কোথাও নেই৷ সরকার আত্মরক্ষার্থে যেসব কথা বলছে তাতে জনগণকে বিভ্রান্ত করা যাবে না৷ আমরা ক্ষমতায় যেতে চাই না। অবাধ, নিরপেক্ষ নির্বাচন চাই৷ যারা আসবে তাদের বরণ করে নেব৷ কিন্তু নিজেরা ক্ষমতায় থাকতে পুরো নির্বাচন ব্যবস্থাকে দখল করে নেবেন, সেটা হতে দেব না৷

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন বন্দি করে রেখেছেন, সরকারের কাছে প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব বলেন, কোনো সমস্যা যদি না থাকে তাহলে মুক্তি দেন। সেদিকে তো আপনারা যাচ্ছেন না।

নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে ও ফোরামের সদস্য সচিব এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা শিরীন সুলতানা, সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, আমিরুল ইসলাম খান আলীম, ডা. রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ