• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তপ্ত চুয়েট

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের ঘটনায় ক্যাম্পাসে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

ঘটনার প্রতিবাদে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নেভায়।

এর আগে ওই দিন বিকাল ৫টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পোমরা ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থী হলেন শান্ত সাহা (২৩) ও মো. তৌফিক হোসেন (২২)। প্রাথমিকভাবে শান্ত’র বাড়ি নরসিংদী এবং তৌফিকের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা যায়।

নিহত শান্ত সাহা চুয়েট পুরকৌশল বিভাগের ’২০ ব্যাচের শিক্ষার্থী (আইডি-২০০১১০০)। তিনি নরসিংদীর কাজল সাহার ছেলে। তৌফিক হোসেন একই বিভাগের ’২১ ব্যাচের শিক্ষার্থী (আইডি-২১০১০০৬)। তিনি নোয়াখালী সুধারামের নিউ কলেজ রোডের মোহাম্মদ দেলোয়ারের সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়েটের ওই দুই শিক্ষার্থী রাঙ্গুনিয়া থেকে মোটরসাইকেলে চুয়েটের দিকে যাচ্ছিলেন। তারা কাপ্তাই সড়কের ‘শাহ আমানত’ নামে একটি বাস নগরীর বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ছাত্রই গুরুতর আহত হন। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া থানার এসআই আবু সায়েদ জানান, শান্ত ও তৌফিক নামে চুয়েটের দুই শিক্ষার্থী রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পরে খবর পেয়েছি চিকিৎসাধীন অবস্থায় এই দুইজনের মৃত্যু হয়েছে।

বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ