• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সাবেক ভিসি কলিমউল্লাহ ৫ দিনের রিমান্ডে

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় অধ্যাপক কলিমউল্লাহকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে দুদক।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, অধ্যাপক কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনিসহ অন্য আসামিরা ওই দুটি ভবনের নকশা পরিবর্তন করেছেন। ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।

কিন্তু অধ্যাপক কলিমউল্লাহসহ অন্যরা ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নেননি।

এর আগে ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক কলিমউল্লাহকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

অর্থ আত্মসাতের অভিযোগে গত জুন মাসে সাবেক উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের নামে চার কোটি টাকা আত্মসাৎ করেন সাবেক দুই ভিসি অধ্যাপক কলিমউল্লাহ ও অধ্যাপক এ কে এম নূর উন নবীসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ