রাজধানী ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের স্বর্ণ চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। প্রায় সাড়ে ৭ কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং মো. শাওন (৩৯)।
এপিবিএন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের পেস্টের মোট ওজন প্রায় সাড়ে ৭ কেজি, যা প্রায় ৬৪৩ ভরি। পেস্টগুলো ডিমের আকৃতির করে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হয়েছিল, যাতে স্ক্যানিংয়ে সহজে ধরা না পড়ে।
গোপন সংবাদের ভিত্তিতে আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় আগে থেকেই নজরদারি চালাচ্ছিল এপিবিএন সদস্যরা। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই তিনজনকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতেই বেরিয়ে আসে স্বর্ণের পেস্টগুলো।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। স্বর্ণগুলো কোথা থেকে আনা হয়েছে, কারা এর পেছনে জড়িত এবং ঢাকায় কার কাছে হস্তান্তরের কথা ছিল— তা খতিয়ে দেখছে এপিবিএন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।