রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
অদ্য ১২ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে রাজউক এর ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস চলাচল আরও সুশৃঙ্খল করার লক্ষ্যে কেরানীগঞ্জে দেশের দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার বাস চলাচলের জন্য একটি অস্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে ঝিলমিল প্রকল্প এলাকায় এ অস্থায়ী বাস স্ট্যান্ড স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রস্তাবিত বাস স্ট্যান্ডটি চালু হলে দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় চলাচলকারী বাসসহ বিভিন্ন পরিবহন সার্ভিসের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে রাজধানীতে আন্তঃজেলা বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমানো এবং সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজধানীর যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।