• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

যে শর্তে ইরানকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র

Un24admin
আপডেটঃ : শনিবার, ৬ জুন, ২০২৬

খেলা ডেস্ক রিপোর্টঃ ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেয়েছেন। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরান দল বর্তমানে আনতালিয়াতে প্রশিক্ষণ ক্যাম্প করছে। সেখান থেকে তারা আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের মাধ্যমে ভিসার জন্য আবেদন করে।

মার্কিন কর্মকর্তাদের মতে, খেলোয়াড়দের পাশাপাশি কোচ, ফিটনেস ট্রেইনার এবং কিছু সহায়ক স্টাফের জন্যও ভিসা অনুমোদন করা হয়েছে। তবে কোনো আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাসপোর্ট ফেরত পাওয়ার পরই দলটি যুক্তরাষ্ট্র বা মেক্সিকোর উদ্দেশ্যে যাত্রা করতে পারবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের প্রতিনিধিদলের সদস্যদের বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। বিশেষ করে ইসলামিক রেভলশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কাউকে প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করা হলে তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, অ্যাথলেট বা তাদের সহায়ক কর্মীদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে খেলাধুলার সঙ্গে সম্পর্কহীন এবং আইআরজিসির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়া হবে না।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে ইঙ্গেলউডে। ১৫ জুন তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের এবং ছয় দিন পর খেলবে বেলজিয়ামের বিপক্ষে। তৃতীয় ম্যাচে ২৬ জুন সিয়েটলে তাদের প্রতিপক্ষ হবে মিশর।

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক উত্তেজনা বৃদ্ধির পর বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ফিফা শুরু থেকেই জানিয়ে আসছিল যে ইরান পূর্ণাঙ্গভাবে টুর্নামেন্টে অংশ নেবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়ে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জবাবে ইরানের জাতীয় দল জানায়, কেউ আমাদের বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বাদ দিতে পারবে না।

উল্লেখ্য, ভিসা ইস্যু নিয়ে ইরান দলের জন্য জটিলতা আগেও দেখা দিয়েছিল। গত এপ্রিল মাসে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজের কানাডার ভিসা বাতিল করা হয়, কারণ তার অতীতের আইআরজিসি-সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। কানাডা ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ