• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতি দগ্ধ

Un24admin
আপডেটঃ : শনিবার, ১ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়েছে।

 

শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় কুববাত হোসেন নামে এক ব্যক্তির ভাড়া বাসার নিচতলায় একটি কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলের ওই ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, আসিফ রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসানো দেখা যায়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা যায়, বাড়িটিতে তিতাসের গ্যাস থাকলেও ওই দম্পতি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পরিবাহী পাইপ পোড়া দেখা গেছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

একই বাড়ির অপর ভাড়াটিয়া রজ্জব আলী বলেন, সাড়ে ১১টার দিকে বিকট আওয়াজ হয়। শব্দ শুনে এসে আগুন দেখি। তারপর আগুন নেভাই। দেখি একজন নারী, একজন পুরুষ বেরিয়ে এসেছেন। তাদের শরীর ঝলসে গেছে। তাদের রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। শুনেছি গ্যাস বিস্ফোরণে আগুন লাগে।

সজিব হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে আসি। এসে ধোঁয়া দেখি। ঘরের দরজা খুলে স্ত্রী প্রথম বেরিয়ে আসেন, পোড়া অবস্থায়। চুল পুড়ে গেছে। বেরিয়ে পড়ে যাচ্ছিল। পাশের কক্ষ থেকে একজন বেরিয়ে তাকে ধরে। এরপর তার স্বামীও বের হয়। মাথার সব চুল পুড়ে গেছে। চামড়া ঝলসে গেছে। পরবর্তীতে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, ঘটনাস্থলে এসে দেখি ঘরবাড়ি ভাঙা। দগ্ধদের পাইনি। দগ্ধ শান্তা (২১) ও আসিফ (২৪) টাঙ্গাইল মির্জাপুর উপজেলার। বিস্তারিত জানা যায়নি। প্রাথমিকভাবে জানা যায়, গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বলেন, এখানে স্বামী-স্ত্রী দুইজন আহত হয়েছেন। তাদের ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। সিলিন্ডার অক্ষত অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ