• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ দুজনকে আটক

Un24admin
আপডেটঃ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা গ্রাফিতিতে পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তিত্বদের ছবিতে কালি লাগানোর ঘটনায় রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াসসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে শাহবাগ থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে সম্প্রতি সেগুনবাগিচা এলাকার ফুটপাত সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শিল্পকলা একাডেমির দেয়ালটিতে ১০ জন বরেণ্য লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের গ্রাফিতি ফুটিয়ে তোলা হয়। গত সোমবার (৫ অক্টোবর) ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম এর উদ্বোধন করেন।

এই দেয়ালচিত্রে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, লালন শাহ, জয়নুল আবেদিন, এস এম সুলতান, জহির রায়হান, শাহ আবদুল করিম ও হুমায়ূন ফরীদির পাশাপাশি পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সত্যজিৎ রায়ের ছবি স্থান পায়।

গ্রাফিতিতে পশ্চিমবঙ্গের তিন ব্যক্তিত্বের অন্তর্ভুক্তি এবং নারী ব্যক্তিত্বদের অনুপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই নানা প্রশ্ন ও সমালোচনার জন্ম দেয়। অনেকেই প্রশ্ন তোলেন, তালিকায় দেশের আরও গুণী ব্যক্তিত্বকে স্থান দেওয়া যেত কি না। এছাড়া প্রতিবেশী রাজ্যের ব্যক্তিত্বদের রাখলেও পশ্চিমবঙ্গে বাংলাদেশের শিল্প-সাহিত্যিকদের অনুরূপ সম্মান দেওয়া হয় কি না, সে আলোচনাও সামনে আসে। এরই জেরে গ্রাফিতিটিতে কালি লেপনের এই ঘটনা ঘটে।

বর্তমানে আটককৃত ব্যক্তিরা শাহবাগ থানায় রয়েছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ