• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:

ট্রেনে ইন্টারনেট সেবায় হোঁচট, ছয় মাস না যেতেই সরঞ্জাম চুরি

Un24admin
আপডেটঃ : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জাতীয় ডেস্কঃ চালুর কয়েক মাসের মধ্যেই হোঁচট খেয়েছে ট্রেনে ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ। চলতি বছরের মার্চে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু করা হয় ইন্টারনেট সংযোগ। ট্রেনগুলোতে স্থাপন করা হয় স্টারলিংকের সরঞ্জাম। তবে ছয় মাস না পেরোতেই চুরি হয়েছে ওয়াই-ফাই রাউটার ও স্টারলিংক অ্যান্টেনাসহ বিভিন্ন সরঞ্জাম। রেল কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে এসব সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না।

সময়ের সঙ্গে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। যাতায়াতের পথে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের চাহিদাও বাড়ছে। এরই মধ্যে বেসরকারি উদ্যোগে অনেক বাস ও লঞ্চে চালু হয়েছে ইন্টারনেট সেবা। সেই ধারাবাহিকতায় রেলেও পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছিল।

তবে সেবা চালুর কয়েক মাসের মধ্যেই দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। চারটি ট্রেন থেকেই একে একে চুরি হতে থাকে ওয়াই-ফাই রাউটার ও ইন্টারনেট সংযোগের অন্যান্য সরঞ্জাম।

এ বিষয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, জনবল সংকটের কারণে অনেক মূল্যবান সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। সরঞ্জাম চুরির ঘটনাকে দুরভিসন্ধি বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মূল প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ট্রেন থেকে ইন্টারনেট সরঞ্জাম চুরি ঠেকাতে প্রয়োজন কারিগরি দক্ষতা ও নিখুঁত পরিকল্পনা। নিরাপত্তা বাহিনীর সতর্কতা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের মধ্যেও সচেতনতা তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ