• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সংসদে সমাধান না হলে রাজপথে যাব

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

রাজনৈতিক ডেস্ক রিপোর্টঃ সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় জোট। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।

রোববার সংসদের অধিবেশন মুলতবি হওয়ার পর সংসদ ভবনের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় নেতা।

শফিকুর রহমান বলেন, স্পিকারের অনুরোধ অনুযায়ী আমরা নোটিশ প্রদান করব। সংসদের ভেতরেই এর সমাধান করতে চাই। কিন্তু কোনো কারণে সংসদের ভেতরে স্বাভাবিক সমাধান না পেলে তখন আমাদের রাজপথে আন্দোলনে যেতে হবে। তবে আমরা তা চাই না। যেহেতু বিষয়টি উত্থাপন করেছি এবং স্পিকার বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন, সে ধারাবাহিকতায় বিষয়টি এগোতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনার প্রস্তাব করেছেন— এ বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এটিকে কার্য উপদেষ্টা কমিটির বিষয় মনে করি না। আমরা মনে করি, এটি সংসদের বিষয়। সংসদেই এর সমাধান হওয়া উচিত।

সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের উল্লেখ না থাকার বিষয়ে সরকারি দলের বক্তব্য প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সংবিধানে ২০২৬ সালে কোনো ভোট ছিল না; রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে তা হয়েছে। সে আদেশের একটি অংশ সংবিধানের বাইরে গেলেও মানবেন, আরেক অংশ বাইরে গেলে মানবেন না— এমনটা হতে পারে না। না মানলে দুইটাই না মানতে হবে, আর মানলে দুইটাই মানতে হবে।

তিনি বলেন, জনগণের ইচ্ছাই সুপ্রিম সংবিধান। যেখানে গণভোটে রায় নেওয়া হয়েছে। গণভোটে সরকারি দলও সম্মত ছিল, আমরাও সম্মত ছিলাম। আমাদের দাবি ছিল আগে গণভোট হোক, আর তাদের দাবি ছিল গণভোট একই দিনে হোক। শেষ পর্যন্ত তাদের দাবিই বাস্তবায়ন হয়েছে। তারা যে গণভোট চাননি— এমন কথা বলেননি। গণভোটে সংস্কারের পক্ষের প্রস্তাবই বিজয়ী হয়েছে।

সরকার শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নেবে কি না— এমন প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা বিশ্বাস করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ