• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। ঈদের এই বৃহৎ জামাতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ হাজারো মুসল্লি অংশ নেন।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক, আর ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জামাতে অংশ নেন। এছাড়া, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এ জামাতে নামাজ আদায় করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। নারীদের জন্যও ছিল আলাদা নামাজের ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় ঈদগাহ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাতের ব্যবস্থা ছিল। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সেখানে জামাতের সময়সূচি ছিল সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ