• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

এলিয়েন-ইউএফও সংক্রান্ত গোপন ফাইল প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলিয়েন ও ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু) নিয়ে দীর্ঘদিন ধরে চলমান রহস্য উন্মোচনের জন্য বড় পদক্ষেপ নিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি ঘোষণা করেছেন যে, মার্কিন সরকারের কাছে থাকা এই সংক্রান্ত অতি-গোপন ফাইলগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেবেন। এই পদক্ষেপের মাধ্যমে তিনি দাবি করেছেন, জনসাধারণের কৌতূহল কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানান, তিনি পেন্টাগনের প্রধান পিট হেগসেথসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এলিয়েন সম্পর্কিত তথ্য প্রকাশের নির্দেশ দেবেন। তিনি বিষয়টিকে অত্যন্ত আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। তবে একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর আক্রমণ চালিয়েছেন। ট্রাম্পের দাবি, ওবামা এলিয়েন সম্পর্কিত কিছু তথ্য জনসমক্ষে প্রকাশ করে গোপন তথ্য ফাঁস করেছেন, যা একটি বড় ভুল ছিল। যদিও এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে এক সাক্ষাৎকারে ওবামাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এলিয়েনরা কি সত্যি? জবাবে ওবামা কিছুটা কৌতুক করে বলেছিলেন, এগুলো বাস্তব, কিন্তু আমি নিজে কখনো দেখিনি। তিনি আরও স্পষ্ট করেছেন যে, নেভাদার অতি-গোপন সামরিক ঘাঁটি ‘এরিয়া ৫১’-এ কোনো ভিনগ্রহী প্রাণীর মৃতদেহ বা বিধ্বস্ত মহাকাশযান লুকিয়ে রাখা হয়নি। ওবামা এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, মহাবিশ্ব বিশাল হওয়ায় প্রাণের সম্ভাবনা থাকলেও, পৃথিবীতে তাদের আসার কোনো প্রমাণ তিনি প্রেসিডেন্ট থাকাকালীন পাননি।

যদিও ট্রাম্প ফাইলগুলো প্রকাশের নির্দেশ দিয়েছেন, খোদ পেন্টাগন ও মার্কিন সামরিক বাহিনী গত কয়েক বছরে একাধিক তদন্ত চালিয়েছে। ২০২৪ সালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত বহির্জাগতিক প্রযুক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আকাশে দেখা যাওয়া রহস্যময় বস্তুগুলোর বেশিরভাগই আসলে সাধারণ ড্রোন, আবহাওয়া বেলুন বা অন্য কোনো মানবসৃষ্ট বস্তু। এলিয়েনরা পৃথিবীতে ক্র্যাশ-ল্যান্ড করেছে—এমন কোনো ঘটনার সত্যতা নেই। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে, তিনি নিশ্চিত নন এলিয়েনরা বাস্তব কি না।

তবে ফাইলগুলো প্রকাশিত হলে আমেরিকার সাধারণ মানুষের দীর্ঘদিনের কৌতূহল কিছুটা হলেও কমানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ন্যাশনাল আর্কাইভস এবং পেন্টাগনের কাছে ইউএফও সম্পর্কিত বিপুল পরিমাণ নথি জমা রয়েছে, যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হবে। তথ্যসূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ