উপজেলা (পাবনা) : পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ৬টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
আজ শনিবার (২৭ জুন, ২০২৬) বিকেল ৪টায় ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প থেকে বরাদ্দকৃত টাকার সিংহভাগই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সার্বিক উন্নয়ন কাজে ব্যবহার করা হবে।” কৃষির আধুনিকায়ন ও অবহেলিত এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে বরেন্দ্র প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি দলের তৃণমূল পর্যায়কে আরও সুসংগঠিত করে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহম্মেদ বাচ্চুর দক্ষ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, আঃ হাকিম খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, আবু তাহের এবং এনামুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন এবং দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রধান অতিথির হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।