• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ফটিকছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ২

Un24admin
আপডেটঃ : রবিবার, ৩১ মে, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যপ্রাণী অভয়ারণ্য হাজারীখীল ঘুরে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার রাঙাপানি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ষষ্ঠী মহাজনের বাড়ির সনজিত দাশের ছেলে সীমান্ত দাশ (১৭) এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মৃত দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক (১৬)। সীমান্ত হাটহাজারী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে জয় মল্লিক রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে হাজারীখীল থেকে রাউজানের দিকে ফিরছিলেন। পথে রাঙাপানি চা বাগান এলাকায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার আঘাতে মোটরসাইকেলটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সীমান্ত ও জয় নিহত হন। অপর আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। আহত তরুণ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুই কিশোরের আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে পরিবারের একমাত্র সন্তান সীমান্তের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিধান চন্দ্র দে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ