• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

ভারত যা চাইবে, তাই পাবে: ট্রাম্প

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৫ মে, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে সরাসরি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে মোদির বড় ভক্ত উল্লেখ করে বলেন, ভারত যা চাইবে, তাই পাবে।

রোববার (২৪ মে) রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে যুক্তরাষ্ট্রের দূত সার্জিও গোর। তাদের পেছনে স্থাপিত বিশাল পর্দায় ফোনের মাধ্যমে বক্তব্য দেন ট্রাম্প। ট্রাম্প বলেন, সার্জিও, আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে। তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ। তিনি আমার বন্ধু।

ট্রাম্প বলেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঘনিষ্ঠ।’ তিনি আরও বলেন, ‘ভারত আমাদের ওপর শতভাগ ভরসা রাখতে পারে। ভারতের যদি কোনো সহায়তা দরকার হয়, তারা জানে কোথায় ফোন করতে হবে। ভারত যা চাইবে, তাই পাবে।’

নিজ দেশের অর্থনীতি ও শেয়ারবাজারের প্রশংসা করে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে রেকর্ড গড়ছে। একই সঙ্গে তিনি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘সেরা পররাষ্ট্রমন্ত্রী’ বলেও উল্লেখ করেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান ট্রাম্প। এছাড়া, মার্কিন দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী মোদিকে ভবিষ্যতে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান বলে জানা গেছে।

এদিকে, ভারত সফরে এসে মার্কো রুবিও বলেছেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তার মতে, এই চুক্তি দুই দেশের জন্যই লাভজনক ও দীর্ঘমেয়াদে টেকসই হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন রুবিও।

বিশ্লেষকদের মতে, শুল্ক ও বাণিজ্য নিয়ে সাম্প্রতিক কিছু মতবিরোধ থাকলেও, দুই দেশ এখন সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ