আনলিমিটেড নিউজ ডেস্কঃ এবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা পাইলট ও ৯ যাত্রীর সবাই নিহত হয়েছেন। খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ধ্বংসাবশেষ থেকে এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর মার্কিন বার্তা সংস্থা এপি’র।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেরিং এয়ারের সিঙ্গেল-ইঞ্জিন টার্বোপ্রপ বিমানটি নরটন সাউন্ড এলাকার দিকে যাওয়ার সময় বিধ্বস্ত হয়।
এপির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর দুইটা ৩৭ মিনিটে ইউনালাকলিট থেকে ৯ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে বিমানটি। এটিই বিমানটির সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। আর আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণপূর্বে মিলেছে বিমানটির ধ্বংসাবশেষ।
কোস্ট গার্ডের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানের ধ্বংসাবশেষ আলাস্কার সাগরের বরফের ওপরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। উজ্জ্বল রঙের জরুরি পোশাক পরা দু’জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, দুর্ঘটনার সময় হালকা তুষারপাত ও কুয়াশা ছিল এবং তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি ফারেনহাইট।
মার্কিন কোস্টগার্ড আলাস্কা অঙ্গরাজ্য শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, রাডরের রেকর্ড বলছে, সর্বশেষ বিকেল তিনটা ১৮ মিনিটে সঙ্কেত এসেছিল বিমানটি থেকে। আমরা ধারণা করছি, বিমানটির ইঞ্জিনে এমন কোনো গুরুতর ত্রুটি ঘটেছিল, যার ফলে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা এবং ওড়ার গতি হারিয়ে ফেলেছিল।
এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায়ও ওই বিমানের চালক এবং ৬৮ যাত্রীর সবাই নিহত হয়েছিলেন।