আনলিমিটেড নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে অন্তত ৬৮ জন আরোহী থাকায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার অভিযান।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দরের রানওয়েতে নামার সময় মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ হয়। এতে বিমানটি পাশেই পটোম্যাক নদীতে গিয়ে পড়ে। পিএসএ এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ার সিআরজে-সেভেন হান্ড্রেড মডেলের জেট বিমানটিতে চার ক্রুসহ মোট ৬৪ জন আরোহী ছিল। আর ব্ল্যাক হক হেলিকপ্টারে কতোজন ছিলেন তা জানা যায়নি। এই মডেলের হেলিকপ্টারে সর্বোচ্চ ১১ জন যাত্রী নেয়ার ধারণক্ষমতা রয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর কর্মীরা। দুর্ঘটনার পরপরই ওই বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।