• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

Un24admin
আপডেটঃ : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় সিরিজে উড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টানা তিন জয়ে ফাইনাল নিশ্চিত ছিল আগেই। আজ পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল স্বাগতিকরা। আগামী ২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে শ্রীলংকার মেয়েদের মুখোমুখি হবে টাইগ্রেস যুবারা।

আজ (বুধবার) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানের মেয়েদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে ১৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় সুমাইয়া আক্তার বাহিনী।

গত ২৪ জানুয়ারি উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও খুব একটা বেগ পেতে হয়নি। স্বাগতিকরা জিতেছে ৩৬ রানে। তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় বাংলাদেশ।

৪ ম্যাচে চার জয়ে বয়সভিত্তিক এই ত্রিদেশীয় সিরিজে গ্রুপপর্বে অপরাজিত থাকল বাংলাদেশ। অন্যদিকে ৪ ম্যাচে ১ জয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠে গেছে লংকান মেয়েরা। কোনো জয় না পাওয়া পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেছে।

আজ টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। যদিও তাদের রানটা ঠিক টি-২০ সুলভ ছিল না। এর মধ্যে দলীয় ৮৮ থেকে স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

শেষমেশ ৯৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তানের মেয়েরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সামিয়া আফসার। এ ছাড়া ৪১ বল মোকাবিলায় ২৬ রান করেন আরেশা আনসারি। বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন রাবেয়া খাতুন।

হাতের নাগালে থাকা লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এলবিডব্লিউর ফাঁদে পড়েন সুমাইয়া আক্তার সুবর্ণা। ৫ বল খেলে কোনো রান করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। এরপর ব্যাক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইভা।

১৭ ওভার শেষেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৩৮ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এ ছাড়া দুই অঙ্ক পেরিয়েছেন কেবল দুজন-ইভা (১৪) ও ইরা (১৬)। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন মুবিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ