• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

তৃণমূলে বিভিন্ন খেলাধুলার আয়োজন করুন: প্রধানমন্ত্রী

Un24admin
আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

আনলিমিটেড নিউজঃ প্রতিভা অন্বেষণে ও দেশের তরুণ সমাজকে ক্রীড়ানুরাগে উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের তৃণমূলে খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, স্থানীয় প্রতিভাবানদের সামনে আসার সুযোগ তৈরি করতে সব ধরনের আন্তঃস্কুল, আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃজেলা এবং আন্তঃ-উপজেলা ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করুন।

বুধবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ‘৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪’ এর চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর, সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে সারাদেশের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২৪ জন ক্রীড়াবিদ এই চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ক্রিকেট স্টেডিয়াম আছে, ফুটবল স্টেডিয়াম আছে, সেটা আলাদা। কিন্তু উপজেলা পর্যায় পর্যন্ত আমি মিনি স্টেডিয়াম করেছি একটা লক্ষ্য নিয়ে, সেখানে যেকোনো ধরনের স্পোর্টস হবে, খেলাধুলা চলবে, আন্তঃস্কুল,আন্তঃকলেজ, আন্তঃবিশ্ববিদ্যালয় এবং জেলা, উপজেলা পর্যন্ত খেলাধুলা হবে, যা আমাদের ছেলে-মেয়েদেরকে আরো সুযোগ করে দেবে নিজের দেশে ও বিদেশে নিজেদের দক্ষতা তুলে ধরতে।

প্রত্যেকটা উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরির বিষয়ে তিনি বলেন, এরই মধ্যে বেশ কয়েকটি তৈরি হয়ে গেছে। আরো কিছু বাকি আছে, সেগুলোও তৈরি হয়ে যাবে। এটা তৈরি করার উদ্দেশ্য হলো সারাবছরই আমাদের ছেলে মেয়েরা যেন কোনো না কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন হলে আমাদের ছেলে-মেয়েরা মন মানসিকতার দিক থেকে আরো উদার হবে, উন্নত হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে। সেভাবেই তাদেরকে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমি আজকে সত্যিই আনন্দিত আমাদের সম্মানিত শিক্ষকরা এবং শিক্ষার্থীরা এই খেলাধুলার আগ্রহ দেখাচ্ছেন এবং এর জন্য কাজ করে যাচ্ছেন। আজকের এই প্রতিযোগিতাটা শুরু হয়েছে সেই জানুয়ারি মাস থেকে। যেখানে সব স্কুল, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। বিভিন্ন অঞ্চল থেকে বিজয়ী ৮২৪ জন খেলোয়াড় রাজশাহীতে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। এত ছেলে মেয়ের একসঙ্গে অংশগ্রহণ এবং প্রতিযোগিতা করাটা সত্যিই খুব আনন্দের বিষয়। আর এর ভেতর থেকে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে তাদের জন্য আমার আগাম অভিনন্দন থাকলো।

রাজশাহী প্রান্ত থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ